হাজার হাজার বছর ধরে সমগ্র বিশ্বে মানুষ বিভিন্ন মানচিত্র তৈরি করেছে। তবে প্রাচীন ভারতে বিশ্বব্রহ্মাণ্ডের যে মানচিত্র তৈরি করা হয়েছে, তা অদ্ভুত এবং বিরল। সেখানে মেরু পর্বতের কথা বলা হয়েছে। এই মেরু পর্বত নিয়ে কৌতূহলের শেষ নেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত ও পাশ্চাত্য জ্ঞান-ধারণায় দীক্ষিত সমালোচকেরা বা যাঁরা কেবল স্থূল দৃষ্টিতে দেখেন, তাঁরা একে কপোলকল্পনা বলে উপহাস করেছেন। সম্প্রতি ইউটিউবের একটি আলোচিত ভিডিওতেও পতঞ্জলির যোগসূত্র ও ব্যাসভাষ্যের উদাহরণ টেনে এই স্বর্ণময় মেরু পর্বত এবং সপ্তসাগরের বর্ণনাকে নিছক কল্পনা বলে ব্যঙ্গ করা হয়েছে। এছাড়াও তিনি আরও অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু আমরা এখানে কেবল মেরু পর্বত সম্পর্কিত অংশটি নিয়েই আলোচনা করব। এখন প্রশ্ন হলো—এই মেরু পর্বত আসলে কোথায় অবস্থিত?
পুরাণে বর্ণিত সেই স্বর্ণময় ‘সুমেরু’ বা ‘মেরু পর্বত’-কে নিয়ে অনেক ধরণের ধারণা প্রচলিত আছে। কেউ ভেবেছেন এটি উত্তর মেরুতে, কেউ খুঁজেছেন তিব্বতের কৈলাসে, আবার কেউ পামির মালভূমিতে। আধুনিক ভূগোল ও স্যাটেলাইট প্রযুক্তির যুগে একটি বিষয় একদম স্পষ্ট—পার্থিব জগতে মেরু পর্বতের কোনো ভৌগোলিক অবস্থান নেই। মাটি, পাথর বা সোনা দিয়ে তৈরি ৮৪ হাজার যোজন উঁচু কোনো পাহাড় এই পৃথিবীর বুকে নেই।
তাহলে কী আমাদের এই মেরু পর্বত সত্যিই কাল্পনিক? তাহলে কি প্রাচীন ঋষি ও তন্ত্রসাধকরা নিছক রূপকথা লিখে গিয়েছিলেন? একদমই নয়। ভৌগোলিক অস্তিত্ব না থাকলেও তত্ত্বগত দিক থেকে মেরু পর্বত শতভাগ সত্য। এর প্রকৃত রহস্য বুঝতে হলে আমাদের বাইরের পৃথিবী ছেড়ে তাকাতে হবে তন্ত্র ও যোগশাস্ত্রের গভীর তত্ত্ব দর্শনের দিকে।
তত্ত্বই বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি।
কোনো কিছুর বাহ্যিক বা ভৌত অস্তিত্ব না থাকলেই যে তা মিথ্যা, এমন ধারণা বিজ্ঞানসম্মত নয়। মানবসভ্যতার ইতিহাসে যত বোধগম্য দর্শন ও বিজ্ঞান এসেছে, তার প্রতিটিই প্রথমে ‘তত্ত্ব’ (Theory) রূপেই আত্মপ্রকাশ করেছে।
আইজ্যাক নিউটনের মহাকর্ষ, আইনস্টাইনের আপেক্ষিকতা, কিংবা আধুনিক কোয়ান্টাম মেকানিক্স—সবকিছুই প্রথমে মানুষের মস্তিষ্কে একটি গাণিতিক বা দার্শনিক তত্ত্ব হিসেবে জন্ম নিয়েছে। সেই তত্ত্বের ওপর নির্ভর করেই পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছে। তত্ত্ব ছাড়া বিজ্ঞানের কোনো ভিত্তিই তৈরি হতো না।
প্রাচীন ভারতীয় তন্ত্র ও যোগশাস্ত্রও ঠিক একইভাবে কাজ করে। ঋষিরা মানবদেহের স্নায়ুতন্ত্র, প্রাণশক্তি এবং চেতনার স্তরগুলোকে বোঝানোর জন্য যে ‘তত্ত্ব’ বা মডেল তৈরি করেছিলেন, তারই প্রতীকী নাম হলো ‘মেরু পর্বত’।
তন্ত্রশাস্ত্রে মেরু পর্বত
তন্ত্র শাস্ত্রের একটি উল্লেখযোগ্য মন্ত্র হলো—“যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে”। এর অর্থ হলো, এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে, ক্ষুদ্র মানবদেহের ভেতরেও তার সবকিছুই বিদ্যমান।
প্রখ্যাত যোগ ও তন্ত্রগ্রন্থ শিবসংহিতায় (দ্বিতীয় পটল) অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে:
দেহেऽস্মিন্ বর্ততে মেরুঃ সপ্তদ্বীপসমন্বিতঃ। সরিতঃ সাগরাঃ শৈলাঃ ক্ষেত্রাণি ক্ষেত্রপালকাঃ ॥ ১ ॥
ঋষয়ো মুনয়ঃ সর্বে নক্ষত্রাণি গ্রহা স্তথা। পুণ্যতীর্থানি পীঠানি পীঠাধীশাশ্চ দেবতাঃ ॥ ২ ॥
সৃষ্টিসংহারকর্তারৌ ভ্রমন্তৌ শশিভাস্করৌ। নভো বায়ুশ্চ বহ্নিশ্চ জলং পৃথ্বী তথৈব চ ॥ ৩ ॥
ত্রৈলোক্যে যানি ভূতানি তানি সর্বাণি দেহতঃ। মেরুং সংবেষ্ট্য সর্বত্র ব্যবহারঃ প্রবর্ততে ॥ ৪ ॥
বঙ্গানুবাদ:
১. এই মানবদেহের ভেতরেই সপ্তদ্বীপসহ মেরু পর্বত অবস্থান করছে; এখানেই রয়েছে নদ-নদী, সাগর, পর্বতমালা, পুণ্যক্ষেত্র এবং ক্ষেত্রপালগণ।
২. সমস্ত ঋষি, মুনি, নক্ষত্র, গ্রহ, পুণ্যতীর্থ, পীঠস্থান এবং পীঠের অধিষ্ঠাত্রী দেবতারাও এই দেহেই বিরাজমান।
৩. সৃষ্টি ও সংহারকর্তা চন্দ্র ও সূর্য এই দেহের ভেতরেই ভ্রমণ করছে; আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী—এই পঞ্চমহাভূতও এখানেই বিদ্যমান।
৪. ত্রিভুবনে যত ভূত বা উপাদান আছে, তার সবকিছুই এই দেহের ভেতরে অবস্থিত; আর এই মেরু (মেরুদণ্ড)-কে বেষ্টন করেই দেহের সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়।
১৬শ শতাব্দীতে তান্ত্রিক পূর্ণানন্দ স্বামী রচিত শ্রীতত্ত্বচিন্তামণি-র ষষ্ঠ প্রকাশ হলো ষট্চক্র নিরূপণ। এই গ্রন্থের একেবারে প্রথম শ্লোকেই মেরুদণ্ডকে ‘মেরু’ এবং এর দুই পাশে থাকা ইড়া ও পিঙ্গলা নাড়িকে যথাক্রমে চন্দ্র (শশি) ও সূর্য (মিহির) হিসেবে চিহ্নিত করা হয়েছে:
মেরোর্বাহ্যপ্রদেশে শশিমিহিরশিরে সব্যদক্ষে নিষণ্ণে মধ্যে নাড়ী সুষুম্না ত্রিতয়গুণময়ী চন্দ্রসূর্যাগ্নিরূপা।
বঙ্গানুবাদ:
মেরু (অর্থাৎ মেরুদণ্ড)-র বাইরের দিকে বাম ও ডান পাশে যথাক্রমে শশি (চন্দ্রস্বর বা ইড়া নাড়ি) এবং মিহির (সূর্যস্বর বা পিঙ্গলা নাড়ি) অবস্থান করছে। আর এদের ঠিক মাঝখানে (মেরুদণ্ডের অভ্যন্তরে) রয়েছে সত্ত্ব-রজঃ-তমঃ এই ত্রিগুণময়ী এবং চন্দ্র-সূর্য-অগ্নিরূপা সুষুম্না নাড়ি।
(লক্ষণীয়: পুরাণে বলা আছে সূর্য ও চন্দ্র মেরু পর্বতকে প্রদক্ষিণ করে। পূর্ণানন্দ স্বামীর এই শ্লোকটি সরাসরি প্রমাণ করে যে, তন্ত্রশাস্ত্রে মেরু হলো মেরুদণ্ড এবং সূর্য-চন্দ্র হলো পিঙ্গলা ও ইড়া নাড়ি।)
মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের বিভূতিপাদে উল্লেখ রয়েছে। সূর্যে এবং চন্দ্র তে মন ‘সংযম’ (ধারণা, ধ্যান ও সমাধির সম্মিলিত স্তর)-এর মাধ্যমে যথাক্রমে সমগ্র বিশ্ব ও গৃহ নক্ষত্রের জ্ঞান হয়।
মূল সূত্র দুটি হলো:
- ভুবনজ্ঞানং সূর্যে সংযমাৎ ॥ (বিভূতিপাদ, ৩.২৬) (অর্থ: সূর্যে সংযম করলে সমগ্র ভুবন বা বিশ্বের জ্ঞান লাভ হয়।)
- চন্দ্রে তারাব্যূহজ্ঞানম্ ॥ (বিভূতিপাদ, ৩.২৭) (অর্থ: চন্দ্রে সংযম করলে নক্ষত্রমণ্ডলী বা তারাব্যূহের বিন্যাস সম্পর্কে জ্ঞান লাভ হয়।)
এই অতীন্দ্রিয় জ্ঞান কীভাবে লাভ হয়, তা যোগদর্শনে তিনটি স্তরে ব্যাখ্যা করা হয়েছে।
১. ‘সংযম’ এবং ‘ঋতম্ভরা প্রজ্ঞা’-র প্রক্রিয়া।
পতঞ্জলির মতে, ধারণা (কোনো বিষয়ে মনকে আবদ্ধ করা), ধ্যান (সেই বিষয়ে মনের নিরবচ্ছিন্ন প্রবাহ) এবং সমাধি (বিষয়টির সাথে একাত্ম হয়ে যাওয়া)—এই তিনটিকে একত্রে সংযম বলে।
সাধারণ অবস্থায় আমরা ইন্দ্রিয় (চোখ, কান) ও যুক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করি, তাকে ইন্দ্রিয় সন্নিকর্ষ বলা হয়। ভারতীয় পরম্পরায় ‘দর্শন’ শব্দটির অর্থ অনেক গভীর।
দর্শন আর চোখে দেখা
সংস্কৃত ‘দৃশ্’ ধাতু থেকে এর উৎপত্তি—যার অর্থ “দৃশ্যতে অনেন ইতি দর্শনম্”, অর্থাৎ যার দ্বারা পরম সত্যকে সরাসরি উপলব্ধি করা যায়। এখানেই পশ্চিমা ‘Philosophy’ (যা মূলত বুদ্ধিবৃত্তিক যুক্তি ও তর্ক) এবং ভারতীয় ‘দর্শন’-এর মূল পার্থক্য। আমাদের পরম্পরায় দর্শন কেবল মস্তিষ্কের চিন্তা নয়, বরং অপরোক্ষ অনুভূতি বা অতীন্দ্রিয় উপলব্ধি।
যেমন— আমরা মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করতে যাই। আমরা কিন্তু বলি না দেখতে যাচ্ছি। কিন্তু জাদুঘরের বা কোনো মেলায় যখন মূর্তি দেখতে যাই সেটা আলাদা। তখন কিন্তু বলি না , দর্শন করতে যাচ্ছি।
অর্থাৎ এই দর্শন শব্দটি শুধু চোখ দিয়ে দেখা নয়। সাধারণ চোখে (ইন্দ্রিয় সন্নিকর্ষে) বিগ্রহটি কেবল পাথর, মাটি বা ধাতুর একটি মূর্তি। কিন্তু ভক্ত যখন ‘দর্শন’ করতে যান, তখন তিনি সেই জড় রূপের আড়ালে থাকা চৈতন্য বা ঈশ্বরীয় সত্তাকে অন্তরদৃষ্টি দিয়ে অনুভব করেন। শুধু তা-ই নয়, ভারতীয় ভক্তিতত্ত্বে দর্শন হলো একমুখী নয়, বরং দ্বিমুখী প্রক্রিয়া—ভক্ত যেমন ঈশ্বরকে দেখেন, তেমনি ঈশ্বরের কৃপাদৃষ্টিও ভক্তের ওপর পড়ে।
গভীর সংযমের ফলে যখন যোগীর চিত্ত সম্পূর্ণ শান্ত ও স্বচ্ছ হয়ে যায়, তখন ‘ঋতম্ভরা প্রজ্ঞা’ (সত্যদর্শী অন্তর্দৃষ্টি) জাগ্রত হয়। এই অবস্থায় দ্রষ্টা (যোগী) এবং দৃশ্য (সূর্য বা চন্দ্র)-এর মধ্যে কোনো ভেদ থাকে না। যোগী কোনো বস্তুর ওপর সংযম করলে কেবল সেই বস্তুটিকেই নয়, বরং সেই বস্তুটির সাথে সম্পর্কিত সমগ্র মহাজাগতিক নেটওয়ার্ককে সরাসরি উপলব্ধি করতে পারেন।
সূর্যসিদ্ধান্ত এবং বরাহমিহিরের গণিত পুরাণের ৮৪ হাজার যোজন উঁচু সোনার পাহাড় বা দুধ-ঘিয়ের সমুদ্রের আক্ষরিক বর্ণনাকে সমর্থন করে না; বরং তাঁরা ‘মেরু’-কে গোলাকার পৃথিবীর উত্তর মেরু (North Pole) এবং ঘূর্ণন অক্ষ (Axis) হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা করেছেন।
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান (সিদ্ধান্ত শাস্ত্র) কীভাবে মেরু তত্ত্বকে পুষ্ট করে, তা নিচে তুলে ধরা হলো:
১. সূর্যসিদ্ধান্ত (ভূগোলাধ্যায়, ১২শ অধ্যায়)
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রামাণ্য গ্রন্থে পৃথিবীকে কোনো চ্যাপ্টা চাকতি নয়, বরং মহাশূন্যে ভাসমান একটি গোলক (ভূগোল) বলা হয়েছে।
- মেরুর অবস্থান: সূর্যসিদ্ধান্ত অনুযায়ী, পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে উত্তর থেকে দক্ষিণে একটি অক্ষ (Axis) চলে গেছে। এর উত্তর প্রান্তে রয়েছে সুমেরু (উত্তর মেরু) এবং দক্ষিণ প্রান্তে রয়েছে বড়বামুখ বা কুমেরু (দক্ষিণ মেরু)।
- ৬ মাসে দিন ও ৬ মাসে রাত: সূর্যসিদ্ধান্তে গোলীয় জ্যামিতি (Spherical Geometry) প্রয়োগ করে গাণিতিকভাবে দেখানো হয়েছে যে, সূর্যের উত্তরায়ণের ছয় মাস সুমেরুতে (উত্তর মেরুতে) একটানা দিন থাকে এবং দক্ষিণায়ণের ছয় মাস একটানা রাত থাকে। আধুনিক ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান আজ এটিকে শতভাগ সত্য বলে প্রমাণ করেছে।
২. বরাহমিহিরের গণিত (পঞ্চসিদ্ধান্তিকা)
৬ষ্ঠ শতাব্দীর প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির তাঁর পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের ত্রৈলোক্যসংস্থান (১৩শ অধ্যায়) অংশে পৃথিবীর আকৃতি ও মেরুর গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন:
- গোলাকার পৃথিবী ও মাধ্যাকর্ষণের ধারণা: বরাহমিহির স্পষ্টভাবে লিখেছেন যে, পৃথিবী একটি গোলক, যা মহাশূন্যে নিজস্ব শক্তির ওপর স্থির হয়ে আছে এবং এর চারপাশে মানুষ ও পর্বতমালা ঠিক সেভাবেই অবস্থান করছে, যেমন কদম্ব ফুলের চারপাশে তার পাপড়িগুলো থাকে।
- অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও মেরু: বরাহমিহির মেরুকে পৃথিবীর উত্তর মেরুবিন্দু ধরে নিয়ে বিষুবরেখার (Equator) ওপর ৯০ ডিগ্রি পরপর চারটি স্থানের (লঙ্কা, যমকোটি, সিদ্ধপুর ও রোমক) অবস্থান নির্ণয় করেছেন। পৃথিবীর এক প্রান্তে যখন সূর্যোদয় হয়, তার বিপরীত প্রান্তে তখন সূর্যাস্ত হয় এবং মেরুতে তখন কীভাবে সূর্যের গতিবিধি দেখা যায়—তা তিনি নিখুঁত গণিতের মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
৩. আর্যভট্টের অবস্থান (প্রাসঙ্গিক তথ্য)
বরাহমিহিরের সমসাময়িক (৫ম শতাব্দী) আর্যভট্ট তাঁর আর্যভটীয় গ্রন্থের গোলপাদে (শ্লোক ১১) আরও এক ধাপ এগিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, মেরু কোনো ৮৪ হাজার যোজন উঁচু পাহাড় নয়; বরং এটি মাত্র এক যোজন বিস্তৃত একটি রত্নময় কেন্দ্রবিন্দু (অর্থাৎ গাণিতিক মেরুবিন্দু বা Pole)।
সুতরাং, সনাতন হিন্দু ধর্মের উপহাস নিন্দুক ও অজ্ঞদের যুক্তি কেবল তখনই খাটে, যদি আমরা পুরাণের রূপকধর্মী সৃষ্টিতত্ত্বকে আধুনিক স্যাটেলাইট ম্যাপের সাথে তুলনা করি। কিন্তু বাস্তবে ভারতবর্ষ ও আর্যাবর্ত ছিল তৎকালীন মানুষের ভৌগোলিক মানচিত্র, আর সুমেরু ও সপ্তদ্বীপ ছিল তাঁদের দার্শনিক ও আধ্যাত্মিক বিশ্বদৃষ্টির প্রতীক।
পরিশিষ্ট :
যাঁরা কেবল ব্যাসভাষ্য বা পুরাণের দুধ-ঘিয়ের সমুদ্র দেখিয়ে প্রাচীন ভারতীয় জ্ঞানকে অবৈজ্ঞানিক বলে উপহাস করেন, সূর্যসিদ্ধান্ত ও বরাহমিহিরের গণিত তাঁদের সেই যুক্তির সবচেয়ে বড় জবাব। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে:
- প্রাচীন ভারতে সাধারণ মানুষের জন্য পৌরাণিক রূপক এবং পণ্ডিতদের জন্য গাণিতিক জ্যোতির্বিজ্ঞান (সিদ্ধান্ত শাস্ত্র)—এই দুটি ধারা পাশাপাশি কিন্তু আলাদাভাবে চর্চিত হতো।
- ’মেরু’ কোনো অদ্ভুত কল্পকাহিনি নয়; জ্যোতির্বিজ্ঞানে এটি যেমন পৃথিবীর উত্তর মেরু ও ঘূর্ণন অক্ষের প্রতীক, তেমনি তন্ত্র ও যোগশাস্ত্রে এটি মানবদেহের কেন্দ্রীয় অক্ষ বা মেরুদণ্ডের প্রতীক।
